গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। লংমার্চ শুরুর আগে রাজধানীর শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে জনগণের অধিকার আদায় করে ঘরে ফেরার কথা বলেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার সকাল সাতটায় শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শেষে চট্টগ্রামের লালদীঘি ময়দানের উদ্দেশে লংমার্চের বহর যাত্রা শুরু করে। এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, তাঁদের কর্মসূচির প্রভাব ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পড়তে শুরু করেছে। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, ‘আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি, জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। জাতীয় সংসদে সমানভাবে এই আন্দোলন চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত কোটি মানুষের প্রতিটি অধিকার প্রতিষ্ঠা না হবে।’ লংমার্চের ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
সমাবেশে ডা. শফিকুর রহমান আরও একটি দাবি যুক্ত করার কথা বলেন। তাঁর ভাষায়, কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বরদাশত করা হবে না। দেশের গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকট নিয়েও সমাবেশে কথা বলেন জামায়াতের আমির। তিনি অভিযোগ করেন, এসব সেবা না পেলেও গ্রাহকদের নিয়মিত বিল দিতে হচ্ছে। এ প্রসঙ্গে সিফাত নামের এক তরুণকে গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। ডা. শফিকুর রহমান বলেন, ‘ওরে ছেড়ে দেন। ভালোয় ভালোয় ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদি একদম ওলট-পালট করে দিয়েছিল।’ উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদসহ জোটের শীর্ষ নেতারা। লংমার্চের পথে পূর্বনির্ধারিত কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাই রয়েছে। সবশেষে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা করার কথা রয়েছে।
আজকের বাণী 





























