ত্রাণ বরাদ্দে সরকারি ও বিরোধী দলের জন্য আলাদা কোনো ‘দুর্যোগের মানচিত্র’ তৈরি হয়েছে কি না—জাতীয় সংসদে এমন প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন। তিনি অভিযোগ করেছেন, সাম্প্রতিক টিআর-কাবিখা বরাদ্দে বিরোধী দলের আসনগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।
সোমবার (৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ বিষয়ে আলোচনা হয়। সম্পূরক প্রশ্নে আখতার হোসেন বলেন, গত ৩০ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দেওয়া বরাদ্দ কেবল সরকারি দলের আসনগুলোতেই গেছে। বিরোধী দলের কোনো আসনে বরাদ্দ দেওয়া হয়নি। অথচ দুর্যোগ এলে সব এলাকার মানুষই ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও জানান, ওই বরাদ্দে ৮৫ লাখ টাকা এবং ৯০ টন করে চাল-গম শুধু সরকারি দলের সংসদ সদস্যদের আসনে দেওয়া হয়েছে। এতে বিরোধী দলের আসনের সাধারণ মানুষ বৈষম্যের শিকার হয়েছেন। কবে নাগাদ সমতাভিত্তিক বরাদ্দ দেওয়া হবে, সে বিষয়ে জানতে চান তিনি।
বিষয়টিকে ‘অত্যন্ত মৌলিক প্রশ্ন’ উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, অভিযোগটি সত্য হলে তা অনুচিত। জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি জেলা প্রশাসকদের কাছেও নগদ অর্থ ও খাদ্যশস্য মজুত রাখা হয়েছে। তিনি বলেন, যেসব সংসদ সদস্য চাহিদাপত্র জমা দিয়েছেন, তাদের বরাদ্দ দেওয়া হচ্ছে এবং আগামী এক-দুই দিনের মধ্যেই তা পৌঁছে যাবে। বিরোধী দলের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাও বরাদ্দ পাবেন। যারা চাহিদাপত্র দিয়েছেন, তাদের বরাদ্দ দেওয়া হয়েছে—খুব দ্রুতই পৌঁছে যাবে।’ তবে বিরোধী সদস্যরা দ্রুত ও সমতাভিত্তিক ত্রাণ বিতরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আজকের বাণী 




























