জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সাতক্ষীরার দেবহাটায় সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার সখিপুর মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি গণমিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়ে জনগণ যে গণরায় দিয়েছে, তা বাস্তবায়ন করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে। কোনো অপরাধী যেন রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে বিচারের বাইরে থাকতে না পারে। ন্যায়বিচার নিশ্চিত হলেই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে।” বিশেষ অতিথিরা বলেন, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রশ্নে কোনো আপস করা যাবে না। একই সঙ্গে তরুণ প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ তুলে ধরার আহ্বান জানান তারা।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মহিউদ্দীন মাহমুদ, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা গণমিছিল বের করেন। মিছিলে গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
আজকের বাণী 




























