আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেবহাটা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে দেবহাটা ফুটবল মাঠ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তিনি এ কার্যক্রম শুরু করেন। এ সময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, মন্দির কমিটির সভাপতি দীপঙ্কর ঘোষ বাবুসহ কমিটির নেতৃবৃন্দ ও ভক্তরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ওসি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও ভক্তদের সঙ্গে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আলোকসজ্জা এবং সিসিটিভি ক্যামেরার সচলতা নিয়ে কথা বলেন। ওসি এইচ এম শাহীন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে দেবহাটা থানা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মণ্ডপে আনসার ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি মন্দির কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক থাকার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও পুলিশের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যাতে আনন্দের সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। কোনো ধরনের গুজব ছড়ানো বা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন ওসি। এদিকে পুলিশের আগাম নিরাপত্তা তদারকি ও মণ্ডপে সশরীরে উপস্থিতির জন্য সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা। তাঁরা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা আয়োজনের জন্য পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে ওসি টিকেট মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
আজকের বাণী 



























