উচ্চশিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মমুখী আকার দেওয়ার লক্ষ্যে আগামী ২৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের ২,৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা এই সম্মিলনে অংশগ্রহণ করবেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এসব তথ্য জানান। তিনি জানান, বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী ২,৩১৮টি কলেজে পড়াশোনা করছেন, যারা দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ অংশীদার। সম্মিলনের মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন, কারিকুলাম সংস্কার, দক্ষতাভিত্তিক শিক্ষা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের পরিকল্পনা রয়েছে।
ভাইস-চ্যান্সেলর জানান, ১৫৯টি বিষয়ের কারিকুলাম সংস্কারের কাজ চলছে, এর মধ্যে ৫৫০টি কোর্স ইতোমধ্যে সংস্কার সম্পন্ন হয়েছে। ২০৩০ সালের মধ্যে সব কারিকুলাম আধুনিকায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে অনার্সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ফ্রিল্যান্সিং ও সেক্টরভিত্তিক অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষকদের জন্য আইসিটি প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক ভাষা শিক্ষা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের জন্য ফ্রিল্যান্সিং ও আইসিটি প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা রয়েছে ৫০ হাজার।
জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে ২২১টি পরীক্ষা আয়োজন করেছে, যেখানে ৬১ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সেশনজট কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনার্সে ভর্তি পরীক্ষা চালু করা হয়েছে এবং প্রশাসনের বিকেন্দ্রীকরণ প্রকল্প অনুসারে আঞ্চলিক কেন্দ্রগুলোর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
পরিবেশ সংরক্ষণে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ উদ্যোগের মাধ্যমে লক্ষ লক্ষ গাছ রোপণের কাজ শুরু হয়েছে, পাশাপাশি গ্রিন ক্যাম্পাস ও সৌরবিদ্যুত উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমও চালু আছে। ২০৩০ সালের মধ্যে স্থানীয় পর্যায়ে গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র হিসেবে কলেজগুলো গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ড. আমানুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে কলেজ অধ্যক্ষদের সক্রিয় অংশগ্রহণে দেশের উচ্চশিক্ষার গুণগত মান দ্রুত উন্নত হবে। ২৮ নভেম্বর সম্মিলন সফল ও ফলপ্রসূ করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এবং দুই হাজারের অধিক অধ্যক্ষ অংশগ্রহণের প্রত্যাশা রয়েছে।
বিশেষ প্রতিনিধি 


















