৩১ একর জমিতে নির্মিত হবে ১৪টি ভবন,
রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন বাংলাদেশ সচিবালয় নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। এতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতিকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগত অনুমোদন পায়। ওই বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টি আলোচনায় আসে। পরবর্তী সময়ে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিনে ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে নির্মিত হবে নতুন সচিবালয়। সেখানে তিনটি বেজমেন্টসহ ১২ তলাবিশিষ্ট ১৪টি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবনগুলোতে মোট প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট জায়গা থাকবে। এ ছাড়া প্রায় ৩ হাজার ৮০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে।
প্রকল্প এলাকায় প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করার কথা রয়েছে।
এদিকে রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয়ের ভবনগুলোর অবকাঠামোগত অবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সচিবালয়ের ১২টি প্রধান ভবনের মধ্যে আটটির অবস্থা নাজুক। এসব ভবনের অধিকাংশই ১৯৬০-এর দশকে নির্মিত। পুরোনো ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা বিবেচনায় নিয়ে নতুন অবকাঠামো নির্মাণের পরিকল্পনা সামনে আসে। এরই ধারাবাহিকতায় প্রশাসনের কেন্দ্রীয় কার্যালয় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন সচিবালয় নির্মাণের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমের জন্য আধুনিক অবকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা করছে সরকার।
বিশেষ প্রতিনিধি 

















