কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, হামলাকারীরা বাড়ি লক্ষ্য করে ইট–পাটকেল ছোড়ে। এতে বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “বাড়ির জানালার কয়েকটি কাচ ভেঙে গেছে। এতে কেউ আহত হননি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে ঘটনাস্থল থেকে পেট্রল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আজকের বাণী 



























