সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (১ আগস্ট) দুপুর ১২টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম।
উদ্বোধনের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের তাৎপর্য, নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে মায়ের দুধের অপরিহার্যতা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শুক্লা দে, ডা. সাইফুল ইসলাম, ডা. ফারজানা, প্রধান সহকারী আবুল কালাম আজাদ, স্টাফ মো. আব্দুল্লাহ, নার্স, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
আজকের বাণী 



























