সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-খু-৫৫০) ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জাকির হোসেন টিটু। সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ।
বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আব্দুস সোবহান খোকন। সভায় ইউনিয়নের পূর্ববর্তী সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। পরে বিগত মেয়াদের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয় এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, শ্রমিকদের কল্যাণ, অধিকার সংরক্ষণ, পরিবহন খাতের বিভিন্ন সমস্যা, শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন বক্তারা। সভায় জেলার বিভিন্ন রুটের পরিবহন শ্রমিক, ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং পরিচয়পত্রধারী সদস্যরা অংশ নেন। আলোচনা শেষে সংগঠনের উন্নয়ন ও শ্রমিকদের কল্যাণে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আজকের বাণী 



























