সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক অভিযোগ করেছেন, তাঁর একটি বক্তব্য খণ্ডিতভাবে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এতে বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃত হচ্ছে এবং তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি এ অভিযোগ করেন। প্রতিবাদলিপিতে এমপি মুহাদ্দিস আব্দুল খালেক জানান, বৃহস্পতিবার শিবপুর ইউনিয়নে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া তাঁর বক্তব্যের একটি অংশ প্রসঙ্গের বাইরে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত একটি বিষয় নিয়ে তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ওই বিষয়ে তিনি কোনো ব্যক্তিগত মতামত দেননি। বরং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক নারীর বক্তব্য অনুষ্ঠানে তুলে ধরেছিলেন। ওই নারী গাজী নজরুল ইসলামের সঙ্গে থাকতে চান এবং সারাজীবন তাঁর সেবা করতে চান বলে জানিয়েছিলেন—তিনি শুধু সেই বক্তব্যই উল্লেখ করেছেন।
মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “আমি বক্তব্যে শুধু ওই নারীর নিজের বক্তব্য ও অবস্থানের বিষয়টি উল্লেখ করেছি। কিন্তু দুঃখজনকভাবে কিছু গণমাধ্যমে এমনভাবে সংবাদ প্রচার করা হচ্ছে, যেন কথাগুলো আমার নিজের বক্তব্য বা ব্যক্তিগত মতামত।” তিনি অভিযোগ করেন, এভাবে সংবাদ প্রকাশের ফলে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট আড়াল হচ্ছে।
সংসদ সদস্য বলেন, তাঁর বক্তব্যের মূল বিষয় ছিল নৈতিকতা, আদর্শ ও নেতৃত্বের দায়িত্বশীলতা। নেতৃত্বের পর্যায়ে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং নৈতিকতার প্রশ্নে আপস না করার বিষয়েই তিনি কথা বলেছেন।
তিনি আরও বলেন, বক্তব্যের একটি অংশ খণ্ডিতভাবে প্রচার করে তাঁকে কোনো ব্যক্তির কর্মকাণ্ডের সমর্থক হিসেবে উপস্থাপন করা উদ্দেশ্যপ্রণোদিত। মুহাদ্দিস আব্দুল খালেক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো বক্তব্য প্রচারের আগে তার পূর্ণাঙ্গ অংশ ও প্রেক্ষাপট যাচাই করা উচিত।
আজকের বাণী 



























