সাতক্ষীরার আশাশুনিতে রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত এ খেলায় হাড়িভাঙ্গা বিবাহিত একাদশ ৫-৪ গোলের ব্যবধানে অ-বিবাহিত একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় আশাশুনি সদর ইউনিয়নের নাটানা বারোনী মাঠে এ খেলার আয়োজন করা হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে। শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ লড়াইয়ে জয় তুলে নেয় বিবাহিত একাদশ।
খেলার উদ্বোধন করেন আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী, গণঅধিকার পরিষদ নেতা এবং রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল্লাহ ঢালী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
খেলা উপভোগ করেন আশাশুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস.এম. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সাগর হোসেন, নাটানা যুব সংঘের সাধারণ সম্পাদক রাজু কুমার মণ্ডল, ক্রীড়া সম্পাদক দ্বীবজয় মণ্ডল, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মিলন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট খালিদ হোসেন এবং উপদেষ্টা অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, এনায়েত ফেরদৌস, কাজী তারিক আহমদ ও কামরুল হাসানের পৃষ্ঠপোষকতায় এ খেলার আয়োজন করা হয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন মো. সাইফুল্লাহ ঢালী। এ সময় বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
আজকের বাণী 



























