সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা আর দুর্গন্ধযুক্ত নোংরা পানিতে পরিণত হচ্ছে সাতক্ষীরার কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন সড়ক। বাধ্য হয়ে প্রতিদিন এই নোংরা পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।
সরেজমিনে দেখা যায়, অল্প বৃষ্টিতেই সড়কটিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তার পাশের ড্রেন উপচে কাদা ও দূষিত পানি ছড়িয়ে পড়ে পুরো সড়কে। বিকল্প কোনো পথ না থাকায় শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ওই পথ দিয়েই বিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যার কারণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ড্রেনের নোংরা পানির সংস্পর্শে আসায় শিক্ষার্থীদের চর্মরোগ, ঘা-পাঁচড়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক সময় বিদ্যালয়ের পোশাকেও কাদা ও নোংরা পানি লেগে যায়।
একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, সামান্য বৃষ্টিতেই সড়কটির এমন বেহাল অবস্থা হলেও সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিদিন সন্তানদের এই নোংরা পানির মধ্য দিয়ে স্কুলে পাঠাতে গিয়ে উদ্বেগের মধ্যে থাকতে হয়।
শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দ্রুত সড়ক সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আজকের বাণী 



























