যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জোট শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছে স্বাক্ষর করেছে, সেগুলোও অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বর্তমান আইনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে সব বিষয়ে পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলাম ঐক্যজোটসহ ৪১টি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
তিনি বলেন, বিএনপির সঙ্গে দীর্ঘদিন যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। দীর্ঘ ১৫-১৬ বছরের আন্দোলনে অনেক নেতাকর্মী কারাবরণ করেছেন, মামলা, গুম ও হত্যার শিকার হয়েছেন।
বিএনপি মহাসচিব জানান, বৈঠকে আবেগঘন পরিবেশ তৈরি হয়। প্রধানমন্ত্রী শরিক দলগুলোর নেতাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, সরকার গঠনের পর প্রথম কয়েক মাসে বিভিন্ন কাজের অগ্রাধিকারের কারণে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা সম্ভব হয়নি। তবে সরকারকে সুসংগঠিত করে জনগণের কাছে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজ চলছে। বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতারা সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ভবিষ্যতে দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের মাধ্যমে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি দিয়েছেন।
আজকের বাণী 



























