সাতক্ষীরায় লাল্টু হোসেন (৩৫) নামে এক আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, লাল্টু হোসেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজন ময়নাতদন্ত। নিহত লাল্টু হোসেন ওই এলাকার মোটরসাইকেল মেকানিক ফজলু হোসেনের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক ছিলেন। দুই ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, লাল্টু হোসেন ছিলেন আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক। ফাইনাল ম্যাচে স্পেনের কাছে আর্জেন্টিনা ১-০ গোলে পরাজিত হওয়ার পর বড় পর্দায় খেলা দেখে তিনি মন খারাপ করে বাড়ি ফিরে যান।
পরে রাতে খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পর তার পেটে ব্যথা শুরু হয়। তিনি দুইবার টয়লেটে যান। এ সময় তার স্ত্রী টয়লেটের কাপড় পরিষ্কার করে ফিরে এসে দেখতে পান, লাল্টু অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী রবি জানান, তারা একসঙ্গে খেলা দেখছিলেন। আর্জেন্টিনা গোল হজম করার পর লাল্টুকে খুব ভেঙে পড়তে দেখা যায়। এমনকি তাকে কান্না করতেও দেখেছেন। পরে তিনি কখন বাড়ি চলে যান তা জানা যায়নি। সোমবার জোহরের নামাজের পর রসুলপুর পশ্চিমপাড়া আহলে হাদিস সাবেরী জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
লাল্টু হোসেনের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আজকের বাণী 



























