সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম ও মৎস্য সেটসংলগ্ন সরকারি পুকুর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ড্রেন সংস্কারকাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টদের আশা, কাজটি সম্পন্ন হলে প্রায় ৪০০ পরিবার বর্ষাকালের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনজনিত দুর্ভোগ থেকে মুক্তি পাবে।
সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের বিশেষ সরকারি বরাদ্দে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বুধবার (১৫ জুলাই) সকাল ৭টায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল ওহাব সিদ্দিকীর নেতৃত্বে ড্রেন সংস্কারকাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের জয়েন্ট সেক্রেটারি সিরাজুল ইসলাম, ইউনিয়ন টিম সদস্য মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের প্রতিনিধি সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম, জলবায়ু কর্মী মারুফ হাসান, আল্লাহর দান মৎস্য আড়তের ক্যাশিয়ার আলহাজ আব্দুল কাদের, রেহানা ফিশের স্বত্বাধিকারী মো. রবিউল ইসলামসহ স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ড্রেনটি অকার্যকর থাকায় বর্ষা মৌসুমে পানি জমে চলাচলে সমস্যা সৃষ্টি হতো। পাশাপাশি জলাবদ্ধতার কারণে স্বাস্থ্যঝুঁকি ও নানা ধরনের দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীকে। তারা আশা করছেন, ড্রেন সংস্কার শেষ হলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে এবং এলাকার পরিবেশের উন্নতি ঘটবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করা হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে এবং স্থানীয় মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
আজকের বাণী 



























