সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গার মোহনপুর গ্রাম থেকে একাধিক মাদক মামলার আসামি আব্দুল খালেক ওরফে ডন খালেককে আটক করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ইয়াবা, নেশাজাতীয় ওষুধ ও দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করা হয়েছে। একই সঙ্গে এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে সাতক্ষীরা সদর থানা পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, অভিযানে খালেকের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা, কয়েক বোতল নেশাজাতীয় ওষুধ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে মোহনপুর গ্রামের ডন খালেকের বাড়িতে এক অচেনা নারী প্রবেশ করতে দেখে সন্দেহ হয়। পরে তাকে খালেকের ঘরে দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় মাদক নির্মূল কমিটিকে খবর দেওয়া হয়। কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে পুলিশ এসে ঘর তল্লাশি করে মাদক ও অস্ত্রসহ তাদের থানায় নিয়ে যায়।
এলাকাবাসীর দাবি, আব্দুল খালেকের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর আগেও স্থানীয় মাদক নির্মূল কমিটি তাকে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আটক করে মাদক থেকে দূরে থাকার লিখিত অঙ্গীকার নিয়েছিল। স্থানীয়দের অভিযোগ, ডন খালেক এলাকার কয়েকজনকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আজকের বাণী 



























