সাতক্ষীরার তালায় আঠারোমাইল-পাইকগাছা সড়কে দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টায় তালা ডাকবাংলার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান সাইদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোস্তাক আহমেদ। মানববন্ধনে অংশগ্রহণ করেন তালা প্রেস ক্লাব, তালা উপজেলা প্রেসক্লাব, তালা রিপোর্টার্স ক্লাব, তালা মডেল প্রেসক্লাব, ছায়াবীথি সামাজিক সংগঠন, আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন, গ্রিনম্যান, অগ্রগতি ফাউন্ডেশন, আলোর দিশারী, জাগরণ বার্তাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স. ম. ইয়াসিন উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মারুফুল ইসলাম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, তালা প্রেস ক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নারান মজুমদার, সাধারণ সম্পাদক জুলফিকার রায়হানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আঠারোমাইল-পাইকগাছা সড়কের আঠারোমাইল এলাকায় দীর্ঘদিন ধরে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনা ঘটছে। দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত স্পিড ব্রেকার স্থাপন, গতিসীমা নির্দেশক সাইনবোর্ড, সতর্কতামূলক সড়কচিহ্ন, নিরাপত্তামূলক অবকাঠামো নির্মাণ, বাইপাস সড়ক ও স্থায়ী বাসস্ট্যান্ড স্থাপনের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাতক্ষীরা জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট হাইওয়ে কর্তৃপক্ষের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়।
আজকের বাণী 



























