সড়ক দুর্ঘটনা হ্রাস এবং পেশাজীবী গাড়িচালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন ও দক্ষ করে তুলতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার পেশাজীবী চালকরা অংশ নেন।
বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমানের নির্দেশনায় এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালার লক্ষ্য ছিল চালকদের দায়িত্ববোধ বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা বিষয়ে আধুনিক ধারণা প্রদান। প্রশিক্ষণ পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক। তিনি দুর্ঘটনা প্রতিরোধে চালকদের করণীয় ও বর্জনীয় বিষয়, ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব এবং নিরাপদ গাড়ি পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন।
কর্মশালায় অংশগ্রহণকারী চালকরা তাদের কর্মক্ষেত্রে নানা বাস্তব সমস্যার কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, অনেক সময় যানবাহনের যান্ত্রিক ত্রুটি এবং অতিরিক্ত যাত্রী বহনের চাপ নিরাপদে গাড়ি চালানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এ বিষয়ে বিআরটিএ কর্মকর্তারা বলেন, অধিকাংশ সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ চালকদের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং ট্রাফিক সাইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব। প্রধান প্রশিক্ষক বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (প্রকৌশলী) তানভীর আহমেদ বলেন, একজন দক্ষ চালকই সড়কের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনতে পারেন। তিনি বলেন, “শুধু ড্রাইভিং লাইসেন্স থাকাই যথেষ্ট নয়; প্রতিটি যাত্রায় সতর্ক থাকা এবং ট্রাফিক আইন কঠোরভাবে অনুসরণ করাই একজন দায়িত্বশীল চালকের পরিচয়।”
প্রশিক্ষণে নিরাপদ ওভারটেকিং, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং জরুরি পরিস্থিতিতে যানবাহনের নিয়ন্ত্রণ বজায় রাখার কৌশল বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ সময় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (প্রকৌশলী) উসমান সরওয়ার আলম, উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে চালকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, রিফ্রেশার প্রশিক্ষণ কেবল আনুষ্ঠানিকতা নয়; এটি চালকদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়বে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
কর্তৃপক্ষ আরও জানায়, ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজকের বাণী 



























