বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগ করে বলেছেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনা ভুলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তিনি বলেন, “মানুষ তাজা প্রাণ ও রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বর্তমান সরকার সে কথা ভুলে যাচ্ছে। বিএনপির মুখে এক, অন্তরে ভিন্ন আর বাস্তবে আরেক রূপ দেখতে পাচ্ছে জনগণ।”
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে খুলনার সোনাডাঙ্গা থানার ২৫ নম্বর ওয়ার্ড উলামা ও যুব বিভাগের উদ্যোগে সোহরাওয়ার্দী কলেজ মাঠ ও নজরুল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফুজুর রহমান বলেন, “মানুষের গণভোটের গণরায়কে না মেনে নিজেরাই জাতিকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এখনো সময় আছে, পার্লামেন্টে আলোচনা করুন, সংবিধান সংস্কারের বিশেষ কমিটি গঠন করুন এবং সংবিধান সংস্কার পরিষদের বিশেষ বৈঠক ডাকুন।”
তিনি আরও বলেন, “বিষয়টি সংসদে নিষ্পত্তি না করে রাজপথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বিরোধী দলকে গণভোটে ৭০ ভাগ জনগণের সমর্থন নিয়ে দাবি আদায়ের জন্য রাজপথের আন্দোলনে বাধ্য করবেন না।” অনুষ্ঠানে ২৫ নম্বর ওয়ার্ড উলামা বিভাগের সভাপতি হাফেজ আবু মূসার সভাপতিত্বে এবং যুব বিভাগের সভাপতি হাফেজ গোলাম রাব্বির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুর রহমান নাঈম, সোনাডাঙ্গা ব্যবসায়ী থানা সভাপতি মো. মইনুল ইসলাম, পেশাজীবী সংগঠনের নেতা আব্দুল্লাহ আল মামুন প্রিন্সসহ অনেকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী হারুনুর রশিদ, যুব বিভাগের সেক্রেটারি রাইজুল ইসলাম রাজু, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্রশিবিরের নেতারা। বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে মাহফুজুর রহমান বলেন, গাছ মানুষের অক্সিজেনের চাহিদা পূরণ করে, প্রকৃতির ভারসাম্য রক্ষা করে এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলজ ও ঔষধি গাছ মানুষের উপকারে আসে। সুন্দরবনসহ দেশের বনাঞ্চল প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করে।
তিনি বলেন, “কেউ একটি গাছ রোপণ করলে এবং সেই গাছ থেকে মানুষ বা কোনো প্রাণী উপকৃত হলে, রোপণকারী ব্যক্তি সদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবেন।” জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই শুধু একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে হুংকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়।” নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও চেতনা তুলে ধরার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বর্তমান অবস্থানের মিল নেই। সংবিধান সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন না করে সরকার জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে বলেও দাবি করেন তিনি।
আজকের বাণী 



























