সামাজিক সচেতনতা বৃদ্ধি, সমাজে ইতিবাচক পরিবর্তন এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে সাতক্ষীরায় সচেতনতামূলক পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের প্রাণকেন্দ্র শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে পার্ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, গুজব প্রতিরোধ, নারী ও শিশু নিরাপত্তা, সামাজিক দায়িত্ববোধ, শহীদ মিনারের মর্যাদা রক্ষা এবং নাগরিক সচেতনতা বিষয়ে বিভিন্ন বার্তাসংবলিত পোস্টার প্রদর্শন ও স্থাপন করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
“ঐক্য, ঐতিহ্য ও আতিথিয়তায় সাতক্ষীরা কমিউনিটি” নীতিবাক্য এবং “পরিবর্তনের পথে, মানুষের পাশে” স্লোগানকে সামনে রেখে সংগঠনটি এ কার্যক্রম পরিচালনা করছে বলে আয়োজকরা জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের প্রতিষ্ঠাতা, এডমিন ও ডিজাইনার সালাউদ্দীন সাবাদ (এসসি), জেলার প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানী (এসসি) এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
উম্মে ফোয়ারা রানী বলেন, পার্কে মাদকসেবন, ইভটিজিং, কিশোর অপরাধ এবং শহীদ মিনারের অবমাননার মতো ঘটনাগুলো উদ্বেগজনক। এসব সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি পার্কে সিসি ক্যামেরা স্থাপন এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, সমাজকে সুন্দর ও নিরাপদ করতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তাদের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দা সাইমুন সাকিব বলেন, তরুণদের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। সাতক্ষীরাকে একটি সচেতন ও আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখা প্রয়োজন।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারী তরুণ-তরুণী এবং স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
আজকের বাণী 






















