“আমরা আর জলাবদ্ধতায় ডুবতে চাই না। এখনই উদ্যোগ গ্রহণ করা না হলে আবারও ভোগান্তিতে পড়তে হবে।” বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে সাতক্ষীরায় নাগরিক সংলাপে এমন দাবি উঠে এসেছে। বুধবার (১৭ জুন) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক)-এর আয়োজনে ‘বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে বক্তারা বলেন, জলাবদ্ধতা প্রতিরোধে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। খাল-বিল, নদী-নালা দখলমুক্ত করা, নেটপাটা ও অবৈধ বাঁধ অপসারণ এবং মৎস্য ঘেরে পানি নিষ্কাশনের জন্য আউট ড্রেন বাধ্যতামূলক করা জরুরি। পাশাপাশি সাতক্ষীরা পৌর এলাকার সব ড্রেনকে প্রাণসায়ের খালের সঙ্গে সংযুক্ত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, পৌরসভার অধিকাংশ ড্রেনে পানি জমে থাকে এবং উপচে রাস্তায় উঠে যায়, কিন্তু কার্যকর নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তারা অভিযোগ করে বলেন, গত বছর দীর্ঘ সময় জলাবদ্ধতার পর দেরিতে ব্যবস্থা নেওয়া হয়েছিল, যা জনদুর্ভোগ আরও বাড়িয়েছে। এবার সেই ধরনের বিলম্ব এড়াতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সংলাপে বলা হয়, নদী ও খাল খননের দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন সময়সাপেক্ষ হওয়ায় তাৎক্ষণিকভাবে ড্রেনেজ ব্যবস্থার আন্তঃসংযোগ সচল করা, প্রাণসায়ের খালের দুই মুখ উন্মুক্ত করা এবং বেতনা পাড়ের বিভিন্ন বিল এলাকার অপরিকল্পিত ঘেরের বাঁধ অপসারণ করে পানি প্রবাহ নিশ্চিত করতে হবে।
এছাড়া জেলার অকেজো স্লুইসগেটগুলো দ্রুত সচল করা, বেতনা ও মরিচ্চাপ নদীর স্লুইসগেট সঠিকভাবে পরিচালনা, এবং ইছামতি, মরিচ্চাপ, খোলপেটুয়া, বেতনা, শালিখা ও কপোতাক্ষ নদের আন্তঃসংযোগ পুনঃখননের মাধ্যমে পানিপ্রবাহ সচল করার সুপারিশ করা হয়। একই সঙ্গে সকল উন্নয়ন প্রকল্পকে পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল করার আহ্বান জানান বক্তারা।
গ্রীন কোয়ালিশন (সবুজ সংহতি) সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত। ধারণাপত্র উপস্থাপন করেন বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান।
বক্তাদের মধ্যে ছিলেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, আলী নুর খান বাবুল, জাহাঙ্গীর আলম, এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, ফরিদ হোসেন ময়না, আহসানুর রহমান রাজীব, এম. বেলাল হোসাইন, অ্যাড. এসএম বিপ্লব হোসেন, আসাদুজ্জামান সরদার, মো. হোসেন আলী, ইব্রাহিম খলিল, হৃদয় মন্ডলসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অর্ণব দত্ত বলেন, জলাবদ্ধতা পরিস্থিতি এড়াতে পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা সচল ও পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করতে পানি উন্নয়ন বোর্ড ও পৌর কর্তৃপক্ষকে নিয়ে সমন্বিত ‘ক্র্যাশ প্রোগ্রাম’ গ্রহণ করা হবে।
আজকের বাণী 






















