সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে ফেরার পথে বনদস্যুদের হাতে ছয় জেলে অপহরণের শিকার হয়েছেন। অপহরণকারীরা নিজেদের বনদস্যু নানা ভাই ডন বাহিনীর সদস্য পরিচয় দিয়ে জেলেদের কাছ থেকে মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে। রবিবার (৩১ মে) রাত ১১টার দিকে সুন্দরবনের মালঞ্চ নদীর চালতেবেড়িয়া খাল ও সুবদে খাল এলাকায় এ ঘটনা ঘটে। অপহরণকারীরা সোমবারের মধ্যে মুক্তিপণের টাকা পরিশোধ না করলে জেলেদের হত্যার হুমকি দিয়েছে বলে স্বজনদের অভিযোগ।
অপহৃতরা হলেন শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলীর কুলতলী এলাকার ইয়াছিন খাঁ (৩২), আলমগীর খাঁ (৩৮), হরিনগর গ্রামের আল আমিন মোল্লা (৩৫), কামরুল গাজী (৫০), শাহজাহান গাজী (৪৮) ও শহীদুল গাজী (৪৬)। স্বজনরা জানান, বনবিভাগের অনুমতি নিয়ে ১৮ জন জেলে পাঁচটি নৌকায় কাঁকড়া ধরতে সুন্দরবনে যান। নির্ধারিত সময়ের মধ্যে ফেরার পথে সশস্ত্র দস্যুরা তাদের ওপর হামলা চালিয়ে ছয়জনকে অপহরণ করে নিয়ে যায়।
এ সময় ইসমাইল খাঁ নামের এক জেলেকে নৌকার বৈঠা দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সুন্দরবনের কদমতলা স্টেশন কর্মকর্তা মনিরুল করিম বলেন, অপহরণের বিষয়ে তাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শ্যামনগর থানার ওসি মো. খালেদুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকের বাণী 













