সাতক্ষীরা প্রতিনিধি: মাত্র ৯ বছর বয়সে সুরের মায়াজালে জাতীয় পর্যায়ে অনন্য সাফল্য অর্জন করে সাতক্ষীরার জন্য গৌরব বয়ে এনেছে খুদে শিল্পী প্রাঞ্জল সরদার। ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর সাংস্কৃতিক বিভাগের লোকসঙ্গীতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। প্রাঞ্জল সাতক্ষীরা শহরের সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রাঞ্জলের সাফল্যের যাত্রা শুরু হয় ৭ জুন সাতক্ষীরা পিটিআইয়ে অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতা থেকে। দেশাত্মবোধক, নজরুলগীতি ও লোকসঙ্গীত—এই তিন বিভাগেই প্রথম স্থান অর্জন করে জেলার সেরা শিল্পীর স্বীকৃতি পায় সে।
এরপর ৯ জুন খুলনার নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিযোগিতায় লোকসঙ্গীতে প্রথম স্থান অর্জন করে বিভাগসেরা হওয়ার গৌরব লাভ করে প্রাঞ্জল। একই সঙ্গে দেশাত্মবোধক ও নজরুলগীতিতে দ্বিতীয় স্থান অর্জন করে নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দেয়।
সবশেষ ১৬ জুন রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের মধ্যে লোকসঙ্গীতে দ্বিতীয় স্থান অর্জন করে নতুন এক ইতিহাস গড়ে খুদে এই শিল্পী।
প্রাঞ্জল সরদার সাতক্ষীরার কামালনগরের বাসিন্দা। তার মা মামনি বিশ্বাস এবং বাবা প্রতাপ কুমার সরদার একজন সঙ্গীত শিক্ষক। একমাত্র সন্তানের এমন সাফল্যে আনন্দিত ও আবেগাপ্লুত বাবা-মা। তারা জানান, ছোটবেলা থেকেই প্রাঞ্জলের গান ও সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ। নিয়মিত চর্চা ও সাধনার মাধ্যমে সে আরও এগিয়ে যাবে বলে তাদের বিশ্বাস।
তারা বলেন, “প্রাঞ্জল যেন ভবিষ্যতে দেশ ও জাতির জন্য গর্ব বয়ে আনতে পারে—সেজন্য সবার আশীর্বাদ কামনা করছি।”
খুদে শিল্পী প্রাঞ্জল সরদারের এই অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো সাতক্ষীরাবাসীর জন্যই এক গর্ব ও আনন্দের উপলক্ষ। তার সাফল্য নতুন প্রজন্মের প্রতিভাবান শিশুদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আজকের বাণী 






















