বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ফলাফল নির্ধারণ হবে পঞ্চম দিনে। সোমবার (১১ মে) চতুর্থ দিন শেষে দুই দলের প্রতিনিধি সংবাদ সম্মেলনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন। পাকিস্তান দলের ব্যাটার সালমান আলি আগা বলেন, দল জয়ের লক্ষ্য নিয়েই শেষ দিনে মাঠে নামবে। তিনি বলেন, “অবশ্যই আমরা জয়ের জন্য খেলব। যদি তারা সাহস করে আমাদের ৭০ ওভারে ২৬০ রানের লক্ষ্য দেয়, আমরা সেটা তাড়া করব। তবে আমার মনে হয় না তারা এমনটা করবে।”
তিনি আরও বলেন, “যদি তারা আমাদের দুই সেশন সময় দেয় এবং ২৫০ রানের মতো লক্ষ্য দেয়, আমরা শুরুতে জয়ের দিকেই তাকাব। পরে দেখব পিচ কেমন আচরণ করছে। কিন্তু এই মুহূর্তে আমাদের লক্ষ্য ম্যাচ জেতা।” বাংলাদেশের সম্ভাব্য কৌশল নিয়ে মন্তব্য করতে গিয়ে আগা বলেন, বড় লক্ষ্য দেওয়ার জন্য স্বাগতিক দলকে ঝুঁকি নিতে হবে। “এটার জন্য তাদের আরও প্রায় ১২০ রান করতে হবে। সেটা করতে গেলে অনেক ঝুঁকি নিতে হবে। ব্যক্তিগতভাবে আমি চাই তারা সেটা করুক, কারণ ৬০–৭০ ওভারে ২৬০ রান তাড়া করা দুই দলের জন্যই সুযোগ তৈরি করবে। কিন্তু আমার মনে হয় না তারা এটা করবে।”
বৃষ্টির পর বাংলাদেশের ব্যাটিং গতির প্রসঙ্গে তিনি বলেন, “বৃষ্টির পর তারা খুব দ্রুত রান তুলতে পারেনি, তবে আমি সেটাই প্রত্যাশা করেছিলাম। কারণ দুই ঘণ্টা সময় ছিল। কাল তারা হয়তো দ্রুত রান তুলে আমাদের জন্য লক্ষ্য নির্ধারণ করবে।” আগামীকাল পঞ্চম দিনে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে দুই দলই জয়ের আশা নিয়ে মাঠে নামবে।
আজকের বাণী 



























