আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদে সুখবর পেয়েছে বাংলাদেশ। একধাপ এগিয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আট নম্বর অবস্থানে উঠে এসেছে টাইগাররা। সর্বশেষ হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোকে শতভাগ এবং তার আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন হিসাব অনুযায়ী ২৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬২ এবং ২৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
র্যাংকিংয়ের শীর্ষ সাত দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ২৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নিউজিল্যান্ড, ২৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকা এবং ২৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান। ২৩৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ।
অন্যদিকে ৬ পয়েন্ট হারিয়ে শ্রীলঙ্কা নেমে গেছে নবম স্থানে। আর বাংলাদেশ এক পয়েন্ট বেড়ে ২২৫ পয়েন্ট নিয়ে উঠে এসেছে অষ্টম স্থানে। ২২০ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার ঠিক পেছনে থেকে দশম স্থানে রয়েছে আফগানিস্তান। র্যাংকিংয়ে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড যথাক্রমে একাদশ ও দ্বাদশ স্থানে অপরিবর্তিত রয়েছে। উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে যুক্তরাষ্ট্র। ছয় পয়েন্ট বেড়ে তারা দুই ধাপ এগিয়ে উঠে এসেছে ১৩তম স্থানে। অন্যদিকে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড নেমে গেছে যথাক্রমে ১৪তম ও ১৫তম স্থানে।
রিপোর্টার 























