শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কৃষিতে অভিযোজন কৌশল বৃদ্ধিতে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন।
কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় “জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি” প্রকল্পের আওতায় গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত গাবুরা ইউনিয়নের ৫০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ জন অংশগ্রহণকারী (১৮ জন নারী ও ৭ জন পুরুষ) নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, এমঅ্যান্ডই অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, “গাবুরা ইউনিয়নে অনেক সংস্থা প্রশিক্ষণ আয়োজন করলেও কৃষিতে অভিযোজন বৃদ্ধিতে ফেইথ ইন এ্যাকশনের এ তিন দিনব্যাপী প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত তথ্যবহুল ও যত্নসহকারে পরিচালিত প্রশিক্ষণ আগে হয়নি। এ ধরনের উদ্যোগ কৃষকদের জন্য অত্যন্ত উপকারী।”
উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান বলেন, “আমি দীর্ঘদিন ধরে গাবুরা এলাকায় কাজ করছি। কৃষিতে অভিযোজন কৌশল নিয়ে এত বৃহৎ পরিসরে প্রশিক্ষণ আগে দেখিনি। এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা করবে।” প্রশিক্ষণে লবণ সহনশীল ধান ও সবজি চাষের পদ্ধতি, জমি প্রস্তুতি, বীজ নির্বাচন, সেচ ব্যবস্থাপনা এবং আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে অংশগ্রহণকারীদের ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা দেওয়া হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে উপকূলীয় এলাকার কৃষকদের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে সহায়তা করা হবে।
রিপোর্টার 
























