“বন, নদী, পানি নেই তো জীবন নেই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব নদী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও নদী-খাল পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের নিমাই খালে পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে কর্মসূচির আয়োজন করা হয়। সুইডেন দূতাবাসের অর্থায়নে বিফরআরএল প্রকল্পের আওতায় সিএনআরএস এ কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে র্যালি বের করা হয়। প্ল্যাকার্ডে লেখা ছিল—“স্বাভাবিক প্রবাহ নদীর প্রাণ, রক্ষাই চাই সবার অবদান”, “নদীর তীরে গাছ লাগাই, ভাঙন রোধে হাত বাড়াই” এবং “নদী ও জলাভূমি রক্ষা করি, জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গড়ি”। র্যালি শেষে রমজাননগর ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে নিমাই খালে পরিচ্ছন্নতা অভিযান, সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। সিএনআরএসের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আব্দুর রাজ্জাক ও সাইট অফিসার তৌহিদ হাসানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে নিমাই খাল, অন্তাখালী খাল ও মানিকখালী খাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ প্রায় ১৫০ জন স্থানীয় বাসিন্দা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা নদী-খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, দখল ও দূষণ রোধ এবং জলাভূমি সংরক্ষণে স্থানীয় জনগণকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
আজকের বাণী 




























