শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামে রাতের আঁধারে দুর্বৃত্তরা এক কৃষকের দুই বিঘা তরমুজ ক্ষেত লন্ডভন্ড করেছে। ক্ষেতে লাগানো চারাগাছ উপড়ে ফেলা ও ছড়িয়ে দেয়ার কারণে কৃষক মাওলানা আমিন আলী ও তার পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষক জানান, দুই বিঘা জমিতে তরমুজ চাষ ছিল এ মৌসুমে পরিবারের একমাত্র আয়ের উৎস। তিনি শ্যামনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্যও। ক্ষতি পরিদর্শন করে দেখা গেছে, আশপাশের জমির চারা অক্ষত থাকলেও শুধু তার ক্ষেতই ধ্বংস করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকের ভাই মোমিন আলী বলেন, “আমার ভাই দিনমজুর, গরিব মানুষ। এরকম আচরণ সত্যিই দুঃখজনক। আমরা এর যথাযথ বিচার চাই।” স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক গাজী নজরুল ইসলামের পক্ষে সক্রিয় থাকার কারণে রাজনৈতিক প্রতিশোধের অংশ হিসেবে এই হামলা চালানো হতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষক ও তার পরিবার প্রশাসনের হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
নিজস্ব প্রতিনিধি 



























