শ্যামনগর প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. গোলাম হোসেন মোড়ল (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জবাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন মোড়ল ওই গ্রামের মৃত হামিজ উদ্দিন মোড়লের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম হোসেনের সঙ্গে প্রতিবেশী সাইফুল, ফারুক, সেলিম, ইমান আলী মোড়ল ও রেজাউল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল।
শনিবার সকালে তিনি প্রতিবেশী মৃত গোলাম রহমানের বাড়ির পাশ্ববর্তী একটি মুরগির খামারের কাছে গেলে পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সাইফুল, ফারুক, সেলিম, রেজাউলসহ অন্যরা ধারালো ছুরি দিয়ে তার বুকে ও পিঠে একাধিকবার আঘাত করে এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে হাফিজুর রহমান জানান, তাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তা সম্প্রতি প্রতিবেশী ইমান আলী মোড়ল ও তার পরিবারের সদস্যরা বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে তার বাবা ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করলে প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়। এরই জের ধরে শনিবার সকালে তার বাবার ওপর হামলা চালানো হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকির হোসেন জানান, নিহতের বুক, পিঠ ও কাঁধসহ শরীরের চারটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া লোহার রড দিয়ে আঘাত করার আলামতও ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পিয়ার উদ্দিন জানান, ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের ধাওয়া করে একটি ঘরে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিসহ সাইফুল, ফারুক, সেলিম ও রেজাউলকে আটক করে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজকের বাণী 




























