আব্দুর রহমান: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বালিয়াখালী গ্রামে পৈতৃক পুকুর ঘিরে জমি বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষ জোরপূর্বক পুকুরটি বাঁশ দিয়ে ঘিরে নেওয়ার চেষ্টা করছে এবং মাছ ধরে নেওয়ার চেষ্টাও চালিয়েছে। ভুক্তভোগী মো. সিরাজুল ইসলাম গাজী জানান, প্রায় ১৭ শতক আয়তনের পৈতৃক পুকুরটিতে তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। বর্তমানে পুকুরে প্রায় আড়াই লাখ টাকার মাছ রয়েছে। সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী মহল পুকুরটি দখলের উদ্দেশ্যে বাঁশ দিয়ে ঘিরে নেওয়ার চেষ্টা চালায় এবং চলাচলের পথ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।
তিনি অভিযোগ করেন, গতকাল সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লোকজন জাল ও বাঁশ নিয়ে পুকুরে মাছ ধরার চেষ্টা করে। বাধা দিতে গেলে তাঁরা গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় প্রথম পক্ষের পরিবারের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আবেদন করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পুকুর ও জমিটি দীর্ঘদিন ধরে সিরাজুল ইসলামের পরিবার ভোগদখলে রেখেছে এবং সেখানে নিয়মিত মাছ চাষ করছেন। তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন বলে জানিয়েছেন। তাঁরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, পুকুরসংলগ্ন জমি নিয়ে এর আগে একাধিক দেওয়ানি মামলা হয়েছে। আদালতের রায়ে জমির মালিকানা দুই পক্ষের নামেই রেকর্ড থাকলেও বাস্তবে ভোগদখলে রয়েছেন সিরাজুল ইসলামের পরিবার।
এ বিষয়ে প্রতিপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
আজকের বাণী 



















