প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহ্দী আমিন বলেছেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক সমন্বয় এবং জনসেবামূলক কার্যক্রমে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে। তিনি দাবি করেন, সরকারের সমন্বিত উদ্যোগের ফলে দেশের মানুষ তুলনামূলক স্বস্তি ও শৃঙ্খলার মধ্যে ঈদ উদযাপন করতে পেরেছে।
সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিভিন্ন জনসম্পৃক্ত উদ্যোগ তুলে ধরতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ড. মাহ্দী আমিন বলেন, টানা ১৬ বছরের দুঃশাসন ও জবাবদিহিহীনতার কারণে সৃষ্ট সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে দূর করা সম্ভব নয়। তবে এবারের ঈদে সরকারের আন্তরিকতা ও জনকল্যাণমুখী প্রশাসনিক তৎপরতা জনগণ প্রত্যক্ষ করেছে। তিনি জানান, ঈদ উপলক্ষে সরকার ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়। এর মধ্যে ছিল নির্বিঘ্ন ঈদযাত্রা, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনে শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা, চামড়া খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা।
তিনি বলেন, দীর্ঘ ছুটি ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার কারণে ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হয়েছে। অধিকাংশ শিল্পকারখানায় শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস সময়মতো পরিশোধ হওয়ায় শিল্পাঞ্চলে কোনো বড় ধরনের অস্থিরতা দেখা যায়নি। দেশীয় পশুর বাজার প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে কঠোর নজরদারি ও পর্যাপ্ত সরবরাহের কারণে কোরবানির পশুর সংকট হয়নি। এতে স্থানীয় খামারিরা উপকৃত হয়েছেন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে।
বর্জ্য অপসারণ কার্যক্রমের বিষয়ে তিনি জানান, ঢাকাসহ বিভিন্ন শহরে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করা হয়েছে। একই সঙ্গে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধ, যাত্রীসেবা উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করেছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা, চামড়া খাতের ব্যবস্থাপনা উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এসব উদ্যোগের ফলে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পেয়েছে।
আজকের বাণী 













