একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় পুরুষের পাশাপাশি নারীদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পৃথক কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। সকাল ১১টায় নওয়াপাড়া হাইস্কুল অডিটোরিয়ামে তেঁতুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এবং মাস্টার আহমাদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন ভিলেজ ডক্টরস ফোরামের সাতক্ষীরা জেলা সভাপতি ডা. আফতাব উদ্দিন, তালা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, আল জুবায়ের ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হক খান, ডা. আব্দুল্লাহ, খলিষখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাস্টার শহিদুল্লাহ, তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক আমির নাজমুস সাকিব, ইউনিয়ন সহসেক্রেটারি নজরুল ইসলাম ও অধ্যাপক তৌহিদুজ্জামানসহ স্থানীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে ইজ্জত উল্লাহ বলেন, পুরুষের পাশাপাশি নারীদেরও ইসলাম প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নারীরা যদি নিজেদের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে না দেন, তাহলে ইসলামী আন্দোলনের কার্যক্রম এগিয়ে নেওয়া কঠিন হবে। পুরুষদের পাশাপাশি নারীদেরও ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনে আত্মনিয়োগ করতে হবে। পরে বিকেল ৪টায় সুভাষিনী হাইস্কুলে পুরুষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে ইজ্জত উল্লাহ বলেন, বাংলাদেশের প্রতিটি জনপদে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। ইসলাম প্রতিষ্ঠার জন্য কর্মীদের আত্মত্যাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ধ্যা সাড়ে ৫টায় লাউতাড়া জামে মসজিদে সীরাতুন্নবী (সা.) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ মানবজাতির কল্যাণের পথ দেখায়। তাঁর আদর্শ ধারণ করে জীবন পরিচালনা করতে হবে। কোরআনের শিক্ষা দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে।
আজকের বাণী 



























