জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন, গ্রিন কোয়ালিশন ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার কলবাড়ীতে বারসিকের উপকূলীয় আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য দেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কে এম হাবিবুর রহমান।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে জলবায়ু ধর্মঘট, ‘নবায়নযোগ্য জ্বালানি এখনই’ শীর্ষক বোর্ড স্ট্যাক, বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ এবং সুন্দরবনের ম্যানগ্রোভ প্রতিবেশ রক্ষায় সচেতনতামূলক পদযাত্রা। এ ছাড়া কৃষিবিষয়ক আন্তঃপ্রজন্ম সংলাপ, ওয়েবিনার, অনলাইন প্রচার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও রয়েছে। সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জ পূর্ব কালিনগর নারী উন্নয়ন সংগঠনের সভাপতি চন্দনা রানী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. শাহীন ইসলাম, সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারসহ স্থানীয় বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বারসিকের স.ম. ওসমান গনী ও এস.এম. জান্নাতুল নাঈম।
আজকের বাণী 




























