শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন নীলডুমুর এলাকায় একটি মুরগির ঘর থেকে প্রায় ৮ থেকে ১০ ফুট লম্বা ও ২৫ থেকে ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নীলডুমুর এলাকার মুক্তার গাজীর মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি নিরাপদ স্থানে সেটিকে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে ঢুকে মুক্তার গাজীর মুরগির ঘরে আশ্রয় নেয়। সেখানে থাকা হাঁস-মুরগির ওপর আক্রমণ করে অজগরটি। বাড়ির মালিকের দাবি, একপর্যায়ে এটি ছয়টি হাঁস-মুরগি খেয়ে ফেলে। মুক্তার গাজী বলেন, রাতে অজগরটি মুরগির ঘরে ঢুকে পড়ে। সকালে মুরগিগুলো ঘর থেকে বের না হওয়ায় টর্চের আলো দিয়ে ভেতরে তাকিয়ে বিশাল আকৃতির সাপটি দেখতে পান। পরে বন বিভাগ ও সিপিজির সদস্যদের খবর দেওয়া হয়।
খবর পেয়ে বন বিভাগের সদস্য ও সিপিজির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি বনের ভেতরে নিরাপদ পরিবেশে সেটিকে অবমুক্ত করা হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নীলডুমুর এলাকার একটি মুরগির ঘর থেকে বড় আকৃতির অজগরটি উদ্ধার করা হয়েছে। এর দৈর্ঘ্য আনুমানিক ৮ থেকে ১০ ফুট এবং ওজন প্রায় ২৫ থেকে ৩০ কেজি। তিনি বলেন, সুন্দরবনসংলগ্ন এলাকায় মাঝেমধ্যে অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ের কাছাকাছি চলে আসে। খাদ্যের সন্ধান কিংবা প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কারণে এমনটি হতে পারে। বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।
আজকের বাণী 


















