সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পশ্চিম পোড়াকাটলা গ্রামে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও প্রাণিসম্পদ সুরক্ষায় বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) স্থানীয় খামারি ও পশুপালকদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়। গরুর ক্ষুরা রোগ এবং ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে এলাকার গবাদিপশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়।
এ সময় পশুপালকদের গবাদিপশুর রোগ প্রতিরোধ, সঠিক পরিচর্যা, সময়মতো টিকা প্রদান এবং রোগাক্রান্ত পশুর ক্ষেত্রে করণীয় বিষয়ে সচেতন করা হয়।
Climate Action at Local Level (CALL) প্রকল্পের আওতায়, Global Alliance for Improved Nutrition (GAIN)-এর অর্থায়নে এবং Local Environment Development and Agricultural Research Society (LEDARS)-এর বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নানা ঝুঁকির মধ্যে গবাদিপশু পালনকারী পরিবারগুলোর প্রাণিসম্পদ সুরক্ষায় রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের নিয়মিত টিকাদানের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়।
টিকাদান কর্মসূচিতে স্থানীয় খামারি ও পশুপালকদের ব্যাপক আগ্রহ দেখা যায়। তারা তাদের গরু, ছাগল ও ভেড়া নিয়ে কর্মসূচিতে অংশ নেন এবং প্রাণিসম্পদ সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান বাবু উত্তম কুমার গাইন এবং ভ্যাকসিনেটর মো. আব্দুস সামাদ। তারা পশুপালকদের নিয়মিত টিকা প্রদানের গুরুত্ব তুলে ধরেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
এ সময় CALL প্রকল্পের শ্যামনগর শাখার ফিল্ড ফ্যাসিলিটেটর অনুপ কুমার মন্ডল উপস্থিত থেকে কর্মসূচির সার্বিক সহযোগিতা ও সমন্বয় করেন। সংশ্লিষ্টরা জানান, গবাদিপশুর ক্ষুরা রোগ এবং ছাগল-ভেড়ার পিপিআর রোগ খামারিদের জন্য বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে। সময়মতো টিকা প্রদান করলে এসব রোগের ঝুঁকি কমানো সম্ভব। পাশাপাশি পশুর মৃত্যুহার কমিয়ে খামারিদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করা যায়। স্থানীয় পশুপালকরা বিনামূল্যে টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, গ্রাম পর্যায়ে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে পশুর রোগবালাই সম্পর্কে সচেতনতা বাড়বে এবং প্রান্তিক খামারিরা আরও উপকৃত হবেন।
উল্লেখ্য, উপকূলীয় শ্যামনগর অঞ্চলের অনেক পরিবার গবাদিপশু ও ছাগল-ভেড়া পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। তাই প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ ও সুরক্ষা স্থানীয় অর্থনীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আজকের বাণী 


















