বন্যপ্রাণীর নিরাপদ প্রজনন, জীববৈচিত্র্য রক্ষা ও বনজ সম্পদ সংরক্ষণে প্রতিবছরের মতো এবারও তিন মাসের জন্য সুন্দরবনে পর্যটক ও সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে পর্যটকদের মূল বনে যাওয়ার সুযোগ না থাকলেও থেমে নেই প্রকৃতিপ্রেমীদের আনাগোনা। সুন্দরবনের বিকল্প স্বাদ ও রোমাঞ্চ পেতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তঘেঁষা ‘আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টার’-এ জমজমাট ভিড় জমাচ্ছেন ভ্রমণপিপাসুরা। শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি এলাকায় চুনা ও মালঞ্চ নদীর তীরে জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে গড়ে উঠেছে এই দৃষ্টিনন্দন ইকো ট্যুরিজম সেন্টারটি। নদীর ঠিক ওপারেই বিস্তৃত ম্যানগ্রোভ বন। কেওড়া, গেওয়াসহ উপকূলীয় বিভিন্ন প্রজাতির গাছের ছায়া, জোয়ার-ভাটার খেলা, পাখপাখালির কলকাকলি এবং নিবিড় প্রাকৃতির সান্নিধ্য মোহিত করছে দর্শনার্থীদের। পর্যটনকেন্দ্রটিতে রয়েছে সুপরিসর হাঁটার ট্রেইল, ওয়াচ টাওয়ার, আবদুস সামাদ ফিস মিউজিয়াম, আধুনিক আবাসিক ইকো কটেজ ‘বনবিলাস’, সুসজ্জিত বিশ্রামাগার এবং স্থানীয় খাবারের রেস্টুরেন্ট ‘বাদাবনের হেঁসেল’।
এছাড়া ছোট ছোট নৌযানে নদীপথে ঘুরে সুন্দরবনের গা ঘেঁষে প্রকৃতির রূপ দেখার অনন্য সুযোগ মিলছে এখান থেকে। ঘুরতে আসা পর্যটক মাসুম বিল্লাহ শাহিন জানান, সুন্দরবন বন্ধ থাকায় যে আক্ষেপ তৈরি হয়, তা আকাশনীলায় এসে অনেকটাই ঘুচে যায়। সুন্দরবনের গাছপালা, খালের জোয়ার-ভাটা, হরিণ ও কুমিরের দেখা মেলায় সুন্দরবনের আসল আমেজ এখানেই উপভোগ করা সম্ভব। আরেক দর্শনার্থী আমেনা বিলকিস ময়না বলেন, সুন্দরবনের কোলঘেঁষে পরিবার নিয়ে ছুটির দিন কাটানোর জন্য এটি একটি অসাধারণ নিরাপদ ও মনোরম স্থান। শ্যামনগর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আকাশনীলাকে আরও আধুনিক ও আকর্ষণীয় করতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা চলাকালে প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর অন্যতম কেন্দ্র হিসেবে দাঁড়িয়েছে এটি। আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টারের সুপারভাইজার রবীন্দ্রনাথ মণ্ডল জানান, মাত্র ২০ টাকা প্রবেশমূল্যে পর্যটকেরা এই কেন্দ্রের চমৎকার সুবিধা উপভোগ করতে পারছেন। প্রতিবছর জুন, জুলাই ও আগস্ট এই তিন মাস মূল বনে যাতায়াত বন্ধ থাকায় এটিই পর্যটকদের প্রধান গন্তব্য হয়ে ওঠে। ছুটির দিনগুলোতে বিপুলসংখ্যক পর্যটক আসছেন এবং পর্যটকদের নিরবচ্ছিন্ন নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
আজকের বাণী 


















