সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ঝুরঝুরি খালে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে হাজার বিঘা ধান ও সবজির জমি পানিতে তলিয়ে গেছে। একই সঙ্গে খালের অংশবিশেষ দখল করে মৎস্যঘের পরিচালনার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।
সরেজমিনে দেখা যায়, রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজার, ভেটখালী, তারানীপুর ও মানিকখালী বিলের পানি ঝুরঝুরি খালে এসে জমা হয়। কিন্তু খাল দিয়ে পানি বের হওয়ার কার্যকর ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। স্থানীয়দের দাবি, খালের শেষ প্রান্তে প্রধান সড়ক এবং অজিত বাছাঢ় ও সরজিৎ বাছাঢ়ের বসতভিটা থাকায় পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ধান ও সবজির জমি, বসতঘর, পুকুর, গাছপালা ও সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, ঝুরঝুরি খালের কিছু অংশ দখল করে তারানীপুর গ্রামের আবুল কাসেমের ছেলে মো. সমসের, মৃত অমেদ আলী শেখের ছেলে মো. মজিদ কারিগর, সোরা গ্রামের আলহাজ এশার আলী মোল্যার ছেলে মো. আশরাফ আলী মোল্যাসহ কয়েকজন মৎস্যঘের পরিচালনা করছেন।
খাল ও বিলসংলগ্ন এলাকায় বসবাসকারী মুন্ডা সম্প্রদায়ের মানুষও জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে রয়েছেন। বর্ষা মৌসুমে তাদের ঘরবাড়ি ও চলাচলের পথ ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, “ঝুরঝুরি খাল দখল ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর আমাদের ক্ষতির মুখে পড়তে হয়। এ বছর ধানের বীজ বপন করতে পারিনি। বসতভিটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
মো. আবু সাঈদ বলেন, ঝুরঝুরি খালের আংশিক পুনঃখনন এবং ভেটখালী-তারানীপুর পাঞ্জেগানা মসজিদসংলগ্ন এলাকায় নির্মিত কালভার্টের কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। তিনি খাল দখলমুক্ত করে সীমানা নির্ধারণ ও পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি জানান। য়তোষ মুন্ডা বলেন, প্রতি বর্ষায় ধান ও সবজির জমি পানিতে ডুবে যায়। কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। শিশুদের নিরাপত্তা নিয়েও তারা উদ্বিগ্ন থাকেন। তার অভিযোগ, কিছু ব্যক্তি খাল দখল করে মৎস্যঘের পরিচালনা করছেন।
অভিযোগের বিষয়ে মো. সমসের বলেন, “সরকার খাল খনন করলে আমাদের কোনো আপত্তি নেই। আমরাও চাই ঝুরঝুরি খাল দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা হোক।” রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আল মামুন বলেন, “এর আগে ইউনিয়ন পরিষদের উদ্যোগে খালটির আংশিক খনন করা হয়েছিল। তবে খালের শেষ প্রান্তে প্রধান সড়ক ও বসতভিটা থাকায় মানিকখালী খালের সঙ্গে সংযোগ দেওয়া সম্ভব হয়নি।” শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আজকের বাণী 


















