দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চার মানসিকতা গড়ে তুলতে শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) শ্যামনগর নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় খুলনার উদ্যোগে এবং শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। এছাড়া বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কবি ও সাহিত্যিক মো. শহীদুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. আব্দুস সাত্তার, সদস্য মো. আকবর হোসেনসহ অনেকে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার মন্ডল এবং সহকারী শিক্ষা কর্মকর্তা প্রকাশ কুমার মন্ডল।
রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় শ্যামনগর উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ।
আজকের বাণী 


















