সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর এলাকায় নদীর চর দখল করে মাছের ঘের নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এতে সামাজিক বনায়নের গাছ কেটে ফেলা হচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, রমজাননগর-কৈখালী সেতু সংলগ্ন নদীর দুই তীরের চর এলাকায় মাটি দিয়ে বাঁধ নির্মাণ করে কয়েকটি মাছের ঘের তৈরি করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এ কাজে চরাঞ্চলের গাছপালা কেটে ফেলা হয়েছে এবং বনায়নের ক্ষতি করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগের তিরে রয়েছেন পরানপুর গ্রামের কয়েকজন বাসিন্দা। তবে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি। কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, ইউনিয়নের নদীর চর এলাকায় সামাজিক বনায়ন গড়ে তুলতে পরিষদ কাজ করে আসছে। কিন্তু কিছু ব্যক্তি চর দখল করে বনায়নের ক্ষতি করছেন। তিনি এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কৈখালী ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, সংশ্লিষ্ট নদীর চর এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। কেউ অবৈধভাবে দখল করে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলা প্রশাসক, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল নদীর চর দখল এবং বনায়ন ধ্বংসের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।
আজকের বাণী 


















