শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে জেলে নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছেন বনজীবী ও স্থানীয়রা। ক্ষুব্ধ জনতা বনবিভাগের অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচ বনকর্মী আহত হয়েছেন। সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও পাশের স্টেশন অফিসে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— বনকর্মী তপন, মেজবাহ, ফারুক, এখলাছুর ও ফায়জুর। তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নিহত জেলে আমিনুর রহমান গাজীর মরদেহ নিয়ে শত শত মানুষ লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা বনবিভাগের রেঞ্জ অফিস ও বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা চালায়। এ সময় বনকর্মীদের খুঁজে বের করে মারধর করা হয় এবং অফিস ভবন ও ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়।
খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বনবিভাগ অফিসের সামনেই নিহত জেলের মরদেহ রাখা ছিল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, “আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের পাঁচজন কর্মী আহত হয়েছেন। অফিস ও ভেতরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে।” এর আগে সোমবার সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় কাঁকড়া আহরণ করতে গিয়ে বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নিহত হয়েছেন বলে অভিযোগ ওঠে। নিহত আমিনুর শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের বাসিন্দা।
আজকের বাণী 




























