শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। সোমবার (১১ মে) ভোর সাড়ে ৬টার দিকে তাকে সুন্দরবন থেকে নীলডুমুর ঘাটে এনে লোকালয়ে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাবলু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মো. আব্দুল মালেক গাজীর ছেলে।
স্থানীয় মৌয়ালদের সূত্রে জানা যায়, রোববার (১০ মে) সকাল ৮টার দিকে ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি বাঘ বের হয়ে বাবলু গাজীর ওপর আক্রমণ করে।
তাদের সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার করলে এবং লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে বাঘটি আহত বাবলু গাজীকে ফেলে রেখে বনের গভীরে চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নৌকায় করে লোকালয়ের দিকে রওনা হন তারা।
আহত বাবলুর পিতা মালেক গাজী বলেন, “আমরা একসঙ্গে মধু ভাঙতে গিয়েছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলের ওপর ঝাঁপিয়ে পড়ে। আমাদের চিৎকারে ও লাঠির শব্দে বাঘটি চলে যায়। আল্লাহর রহমতে সে বেঁচে আছে।” ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন।
আজকের বাণী 




























