সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর জেলে পাড়ায় দুর্যোগকালীন প্রয়োজন নিরূপণে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করেছে ‘আবির্ভাব’ টিম। সোমবার (৩০ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে টিমের সদস্যরা স্থানীয় জেলে ও তাদের পরিবারের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের বাস্তব অভিজ্ঞতা, ঝুঁকি এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়গুলো গুরুত্বসহকারে লিপিবদ্ধ করা হয়।
বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্য, নিরাপত্তা, স্যানিটেশন, নিরাপদ পানির সংকট এবং জরুরি খাদ্য সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। স্থানীয়রা জানান, দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব, বিশুদ্ধ পানির সংকট এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ঘাটতি তাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এছাড়া নারী ও কিশোরীদের প্রয়োজনীয় উপকরণের সংকটও প্রকট আকার ধারণ করে।
সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতে একটি কার্যকর ও প্রয়োজনভিত্তিক সহায়তা পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ‘আবির্ভাব’ টিম। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির কো-ফাউন্ডার এস এম জান্নাতুল নাঈম, সুজয় চক্রবর্তী, জেবা তাসনিয়া, হাসনা হেনা ও খালিদ হোসেন। ‘আবির্ভাব’ জানায়, উপকূলীয় অঞ্চলে দুর্যোগকালীন সময়ে নারী ও শিশুদের জন্য পরিবেশবান্ধব, নিরাপদ ও প্রয়োজনভিত্তিক সহায়তা কিট নিশ্চিত করতে তারা দীর্ঘদিন ধরে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
স্টাফ রিপোর্টার 



























