শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শ্যামনগর অফিসার্স ক্লাবে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও অন্তর্ভুক্তিতে এনজিওগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, বিভিন্ন প্রকল্পে উপকারভোগী হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের যুক্ত করা, প্রতিষ্ঠানে কর্মী হিসেবে অন্তর্ভুক্ত করা, প্রকল্প প্রণয়নের সময় তাদের মতামত গ্রহণ এবং তাদের সংগঠনগুলোকে প্রকল্পের অংশীদার হিসেবে যুক্ত করার মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব। সভায় অ্যাকসেস বাংলাদেশের চলমান প্রকল্পের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন বিজেন রেমা ও আবু বকর সিদ্দীক। এ সময় সিএনআরএস, অ্যাকশনএইড, সিডিইও, ডিআরআরএ, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এবং এনজিএফের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন। আলোচনা সভায় শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর, মুন্সিগঞ্জ ও পৌরসভা এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গঠিত স্ব-সহায়ক দলের প্রতিনিধিরা অংশ নেন। তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়ন কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়াতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
শ্যামনগরে প্রতিবন্ধী অন্তর্ভুক্তি নিয়ে সভা
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:৪৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- ৭৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ





























