আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির এক ঘণ্টা পরই ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে টাইমস অব ইসরাইল। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে।ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, যুদ্ধবিরতির পর দুটি প্রজেক্টাইল ছোড়া হয়েছে, যার জেরে দেশের উত্তরে সতর্কতা সাইরেন বেজে ওঠে। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ এসব অভিযোগকে ‘মিথ্যা’ আখ্যা দিয়েছে। তারা জানিয়েছে, যুদ্ধবিরতির পর ইরান কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি।
এর আগে ইসরায়েল জানায়, ইরানে সফল হামলার মাধ্যমে কৌশলগত লক্ষ্য অর্জনের পর তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে জানান, ইরান ও ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং তা কার্যকর হয়েছে। উল্লেখ্য, ইরান এর আগে ইসরায়েলের বিরশেবা শহরে হামলা চালিয়ে কমপক্ষে পাঁচজনকে হত্যা করেছিল। এরপরেই ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।
রিপোর্টার 



























