যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও চলমান যুদ্ধের প্রভাবে গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। দেশটির তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় কমছে আয়, বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ফলে খাবার, বাড়িভাড়া, ওষুধসহ দৈনন্দিন প্রয়োজন মেটাতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তেহরানের এক রেস্তোরাঁর মালিক বেহনাম রিয়াজি বলেন, সামান্য লাভে পণ্য বিক্রি করতে হচ্ছে। দাম বাড়ালে ক্রেতারা কিনতে পারবেন না। আবার ব্যবসা বন্ধ করলেও বেকার হয়ে যেতে হবে। রয়টার্সের সঙ্গে কথা বলা কয়েকজন ইরানি জানান, অর্থনৈতিক চাপ এতটাই বেড়েছে যে অনেকের বিক্ষোভ বা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ভাবারও সুযোগ নেই। সংসার চালানোই এখন তাদের প্রধান চিন্তা। উত্তর ইরানের ষাটোর্ধ্ব গৃহিণী হেদিয়ে তার স্বামীর সরকারি চাকরির পেনশনের ওপর নির্ভরশীল। তিনি জানান, নিজের ওষুধ কেনার পাশাপাশি আলঝেইমারে আক্রান্ত মায়ের জন্য প্রয়োজনীয় ডায়াপার কেনাও কঠিন হয়ে পড়েছে। অর্থনৈতিক সংকটের সঙ্গে বেড়েছে কালোবাজার ও ঘুষের অভিযোগ। সামর্থ্যবানরা প্রচলিত ব্যবস্থার বাইরে অতিরিক্ত অর্থ দিয়ে পণ্য ও সেবা সংগ্রহ করছেন। কেউ কেউ চিকিৎসাসেবার আমলাতান্ত্রিক জটিলতা এড়াতেও নগদ অর্থ দেওয়ার কথা জানিয়েছেন।
এদিকে বেসরকারি খাতে চাকরি হারানোর ঘটনাও বাড়ছে। তেহরানের এক নারী জানান, চলতি মাসেই স্থানীয় একটি প্রতিষ্ঠানের ক্রয় বিভাগে তার চাকরি চলে গেছে। অন্যদিকে এক সময়ের প্রকৌশলী বিজান এখন শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে আয় করছেন। স্ত্রীকে নিয়ে তিনি তেহরানের ফ্ল্যাট ছেড়ে কম খরচের এলাকায় চলে গেছেন। তাদের প্রায় পুরো সঞ্চয়ও শেষ হয়ে গেছে। সানান্দাজের ৩৪ বছর বয়সী সাইকোথেরাপিস্ট নাজানিন জানান, সিগারেটের দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে ধূমপান ছেড়ে দিয়েছেন তিনি। ইরানের বাজার পরিস্থিতির চিত্র সবচেয়ে স্পষ্ট হচ্ছে দোকানগুলোতে। তেহরানের মুদি দোকানি রামিন ইউসেফনিয়া বলেন, ক্রেতারা আগের তুলনায় অনেক কম পণ্য কিনছেন। আগে যে পণ্য পাঁচ বা দশটি করে কিনতেন, এখন সেটি দুটির বেশি কিনতে পারছেন না।
অর্থনৈতিক সংকট দেশটির সরকারকে কূটনৈতিক সমঝোতার দিকে কতটা ঠেলে দিতে পারে, তা এখনো স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার পেছনে অর্থনৈতিক চাপও ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে।
আজকের বাণী 


















