সাতক্ষীরার কলারোয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়িতে হামলা, ভাঙচুর এবং তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত নারীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৯ নম্বর হেলাতলা ইউনিয়নের ১ নম্বর শুভঙ্করকাটি ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক পুলিশ কর্মকর্তা (এএসআই) মো. ইসরাইল হোসেনের স্ত্রী মোছা. সেলিনা খাতুনের কাছ থেকে একই গ্রামের মো. আরিফ হোসেন একটি রাজহাঁস কেনেন। এর মূল্য নির্ধারণ করা হয় ১ হাজার ৯০০ টাকা। এর মধ্যে আরিফ ১ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন এবং বাকি ৪০০ টাকা পরে দেওয়ার কথা বলে রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর বিকেলে সেলিনা খাতুন ওই বকেয়া টাকা চাইতে গেলে আরিফ হোসেনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন সেলিনা। অভিযোগে আরও বলা হয়, ওই রাত আনুমানিক ৮টার দিকে আরিফ হোসেন, মো. শামীম হোসেন, মো. শুভ হোসেন, মো. শান্ত হোসেন, মো. প্রান্ত হোসেন ও মো. সাব্বির হোসেনসহ কয়েকজন সেলিনা খাতুনের বাড়িতে হামলা চালান। এ সময় বাড়ির জানালার কাচ, দরজা ও গেট ভাঙচুর করে ক্ষতিসাধনের পাশাপাশি সেলিনা খাতুনকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
মারধরে তাঁর মাথা, ঘাড় ও হাতে আঘাত লাগে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা মো. ইসরাইল হোসেনের পক্ষ থেকে গত ২০ সেপ্টেম্বর কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল।
আজকের বাণী 






















