খুলনা মহানগরীর মিয়াপাড়া এলাকায় র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে তিন হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় বিএনপি’র মিডিয়া সেলের কার্ড থাকা খুলনা জেলা যুবদলের সদস্য নাসির উদ্দিন সেন্টুসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। শনিবার সকাল পৌণে ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। রাতে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে সদর থানা পুলিশ জানায়। অভিযানের সময় সেন্টুর বাড়ি থেকে তিনটি কার্ড উদ্ধার করা হয়। তার মধ্যে বিএনপি মিডিয়া সেলের একটি কার্ড ছিল। গ্রেফতার অন্যান্যরা হলেন, সেন্টুর স্ত্রী সাফিয়া বেগম, কক্সবাজারের উখিয়ার ইয়াবা পরিবহণকারী মারিয়াম ও আয়েশা।
এদিকে রোববার জেলা যুবদলের সদস্য পদ থেকে এস এম নাসির উদ্দিন সেন্টুকে বহিষ্কার করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা যুবদলের সদস্য এস এম নাসির উদ্দিনকে বহিষ্কার করা হয়। র্যাব সূত্র জানায়, গত এক বছর ধরে নাসির উদ্দিন সেন্টু মিয়াপাড়া এলাকার একটি বাড়িতে অবস্থান করে মাদকের কারবার করে আসছিল। তার স্ত্রী মূলত এ ব্যবসার নিয়ন্ত্রণ করতেন এবং খুলনার অন্যান্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রাখতেন। খুলনা সদর থানার এসআই সাত্তার বলেন, রাতে র্যাব তাদের থানায় হস্তান্তর করে। র্যাবের একজন সদস্য বাদী হয়ে চার জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন।
আজকের বাণী 



















