খুলনা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা।
তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাংবাদিক সমাজ যে কোনো কর্মসূচি গ্রহণ করলে বিএনপি তার সঙ্গে একাত্ম থাকবে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় নগর বিএনপি কার্যালয়ে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা (এমইউজে) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এস এম শফিকুল আলম মনা বলেন, “খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। অপরাধ প্রবণতা বাড়ছে। এ বিষয়ে সাংবাদিকসহ সচেতন নাগরিকদের সতর্ক থাকতে হবে।”
মতবিনিময় সভায় খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ শহরে বিশৃঙ্খলা বা দুর্বৃত্তায়ন করতে চাইলে তাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। এ বিষয়ে সাংবাদিকদেরও সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিনসহ এমইউজে নেতৃবৃন্দ।
সভায় নগরীতে চার সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলা এবং এমইউজের চলমান আন্দোলন কর্মসূচি সম্পর্কে বিএনপি নেতৃবৃন্দকে অবহিত করা হয়। এ সময় বিএনপি নেতারা সাংবাদিকদের আন্দোলনের সঙ্গে থাকার আশ্বাস দেন।
এর আগে বিকেলে এমইউজে খুলনার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা। সভায় সংগঠনের নাম ব্যবহার করে অনুমোদনবহির্ভূত সভা ও নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিষয়ে সতর্কতা জানানো হয়। এ বিষয়ে বিএফইউজে নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে বলেও সভায় জানানো হয়।
আজকের বাণী 



















