বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, ইসলামে বাইয়াত বা শপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইকামতে দ্বীনের কাজকে সফল করতে জামায়াতের সদস্যদের (রুকন) শপথের আলোকে জীবন পরিচালনা করতে হবে এবং আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর আনুগত্যে অবিচল থাকতে হবে। শুক্রবার (৩ জুলাই) খুলনা নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর আয়োজনে দিনব্যাপী ইউনিট সভাপতি (নন-রুকন) শিক্ষাশিবির-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, ইকামতে দ্বীনের কাজ একটি ফরজ ইবাদত। জীবনে নানা উত্থান-পতন ও প্রতিকূলতা এলেও ধৈর্যের সঙ্গে তা মোকাবিলা করে ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আল-কুরআন মানবজাতির হেদায়াতের জন্য নাজিল হয়েছে। কুরআনের নির্দেশনা অনুসরণ এবং আল্লাহর বিধানের সঙ্গে সম্পর্ক যত দৃঢ় হবে, ইসলামী আন্দোলনের লক্ষ্য অর্জন তত সহজ হবে।
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য হলো সংগঠনের পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম জনশক্তি গড়ে তোলা এবং তাদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করা। একই সঙ্গে সংগঠনকে গণমুখী ও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ এমপি, মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি এবং নড়াইল জেলা আমির মো. আতাউর রহমান বাচ্চু এমপি। এ ছাড়া দারসুল কুরআন পেশ করেন বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম। অনুষ্ঠানে মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আজকের বাণী 



















