বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, জামায়াতে ইসলামী শুধুমাত্র ভোট বা নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক দল নয়; বরং আর্তমানবতার মুক্তি এবং সমাজের কাঙ্খিত পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জানমালের কোরবানির মাধ্যমে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রচলিত সকল অনিয়মের ইতিবাচক পরিবর্তন ঘটাতে হবে। শুক্রবার (১২ জুন) দিনব্যাপী খুলনা নগরীর আল-ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত থানা কর্মপরিষদ, মজলিসে শূরা ও টিম সদস্যদের (পুরুষ ও মহিলা) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে না। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে অনেক নেতা-কর্মী শাহাদাত বরণ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। তবে ইসলামী আন্দোলনের কর্মীদের সবসময় মনে রাখতে হবে— তারা মজলুম হতে পারেন, কিন্তু জালেম হবেন না। তিনি দ্বীন প্রতিষ্ঠাকে জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম মুকুল। অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান এবং ড. শাহ আলম।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি আরও বলেন, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রের সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন আনতে চায়। এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। অতীতে ক্ষমতাসীনরা জনগণের স্বার্থের পরিবর্তে ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেন, একজন মুসলমান হিসেবে জামায়াতবদ্ধ জীবনযাপন করতে হবে। কোরআন-সুন্নাহর সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হিকমত ও উত্তম পন্থা অবলম্বন করতে হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে দাওয়াতি কাজের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহারের আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। তিনি দায়িত্বশীলদের ধৈর্য, সহনশীলতা ও প্রজ্ঞার সঙ্গে অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলা করে কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান। শিক্ষা শিবিরে মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের বাণী 




























